মোহাম্মদ সালাহ বললেন ‘এটাই হয়তো শেষ ম্যাচ’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পিএম

লিভারপুলের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহাম্মদ সালাহ। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্টও করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে সালাহর গোল ১৩টি, অ্যাসিস্ট ১১টি। তারপরও ম্যানচেস্টার সিটিকে হারানোর পর লিভারপুলের মিশরীয় তারকার মুখে শোনা গেল ‘এটাই হয়তো শেষ ম্যাচ’।

গত রবিবার রাতে অ্যানাফিল্ডে সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। একটি গোল করেছেন সালাহ। কিন্তু লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চিয়তা। আগামী মৌসুমে তিনি অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকবেন কিনা- তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে লিভারপুলও চুপচাপ। এর মধ্যে যদি চুক্তি নবায়ন না হয়, তবে জানুয়ারির শীতকালীন দলবদলেই হয়তো তাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে।

সিটিকে হারানোর পর এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, ঘরের মাঠ অ্যানফিল্ডে এটাই সালাহর শেষ ম্যাচ কি না? জবাবে সালাহ বলেন, ‘সত্যি বলতে বিষয়টা আমার মাথায় আছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা স্রেফ উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং তারপর দেখা যাক কী হয়।’

এর আগে গত সপ্তাহে লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে সালাহ বলেছিলেন, ‘আমরা এখন ডিসেম্বরের প্রায় কাছে আছি এবং ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি। এর ফলে আমি যতটা ভেতরে আছি, তার চেয়ে বেশি বাইরে আছি। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকেরা আমাকে ভালোবাসেন। শেষ পর্যন্ত বিষয়টা আমার কিংবা সমর্থকদের হাতে নেই। এখন দেখা যাক কী হয়।’

চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর। এর আগে সর্বশেষ ২০২২ সালে লিভারপুলের সঙ্গে সালাহ চুক্তি নবায়ন করেছিলেন। দলবদলের বাজারে তাকে নিয়ে নানারকম গুঞ্জন আছে। ফরাসি গণমাধ্যম দাবি করেছে, কিলিয়ান এমবাপ্পের শূন্যতা পূরণে সালাহকে নাকি ফ্রি ট্রান্সফারে দলে নিতে চায় পিএসজি। সালাহ নিজেও নাকি প্যারিসের ক্লাবটির সঙ্গে আলোচনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত