পাকিস্তানের এই শিল্পী উর্দুর পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন ভারতীয় সিনেমার কিছু জনপ্রিয় গানেও। শুধু পাকিস্তান কিংবা ভারতই নয়, তার গানের অনুরাগী ছড়িয়ে-ছিটিয়ে আছে বিশ্বের অন্যান্য দেশেও।
আজব প্রেম কি গজব কাহানি সিনেমার ‘তেরা হোনে লাগা হু’ ও ‘তু জানে না’ গান দুটি আতিফ আসলামের গাওয়া। এক যুগের বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এক সিনেমায় একই শিল্পীর দুটি গান জনপ্রিয়তার রেকর্ড শুধু আতিফ আসলামেরই আছে। গান দুটির মধ্যে আলাদা দুটি সত্তা আছে। আছে ভিন্ন স্বরের ওঠানামাও। গান দুটি পরপর শুনলে ভালো লাগার রেশ না বদলালেও কারণ বদলে যায়। প্রথম গানটি হচ্ছে আনন্দের আর দ্বিতীয়টি হচ্ছে বেদনার। আনন্দ-বেদনা উভয় কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলো আপন করে নিতে পারেন বলেই কি আতিফ আসলাম এত জনপ্রিয়?
লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের উৎসবে ঢাকার মঞ্চ মাতিয়েছেন আতিফ। আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে আবারও ভক্তদের মন কেড়েছেন আতিফ। ইউটিউব ও সোশ্যাল মিডিয়াতেও তরুণ-তরুণীরা তার গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ার ভিডিও, স্টোরি ও রিলেও তার গান ঘুরে-ফিরে। ১৯৮৩ সালের ১২ মার্চ পাকিস্তানের ওয়াজিরাবাদে আতিফের জন্ম। বিজ্ঞান বিভাগে পড়ালেখা করা এই শিল্পী ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন ক্রিকেটে। চার-ছক্কা আর উইকেট দিয়ে মানুষের হৃদয় জিতে নেওয়ার স্বপ্নও দেখেছিলেন। কিন্তু সব স্বপ্ন ভাষা পায় না।
সিনেমাতেও নাম লিখিয়েছিলেন আতিফ। ২০১১ সালে উর্দু চলচ্চিত্র ‘বল’-এ প্রথম অভিনয় করেন তিনি। ২০০৪ সালে ‘জলপরি’ অ্যালবামের মধ্য দিয়ে সংগীতজগতে অভিষেক হয় তার। তারপর ক্রমেই এগিয়েছেন তিনি। ভাগ্যও সহায় ছিল। ‘জলপরি’ অ্যালবামের গান ভালো লাগায় পরিচালক মহেশ ভাট তাকে আমন্ত্রণ জানান। ২০০৫ সালে ‘জেহের’ ছবির ‘ওহ লমহে’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু করেন। এই গান ভারতীয় সংগীতের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছিল।
একের পর এক গান সুপারহিট হওয়া, শ্রোতাদের মন জয় করতে পারাই সাফল্য। একটি গান তৈরির ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে। গানের কথা, সুর, সংগীত আর শিল্পীর সন্নিবেশে তৈরি হওয়া একটি গান আলোচনায় আসে। সিনেমার গানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় দৃশ্যনির্ভর। আর তরুণ প্রজন্মের কাছে প্রেম-ভালোবাসা-বিরহ সব সময়ই আলাদা মূল্য পায়। তাই তো প্রেমে, বিরহে, ভালোবাসায় আতিফ আসলামের গান আপন হয়ে ওঠে।
অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভ ফেল’ অভিনেতা বিক্রান্ত!
ধানুশের সঙ্গে বিতর্কে নয়নতারার স্বামীর এক্স অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ!