বারডেমে চালু হলো ক্যান্সারের সর্বাধুনিক রোগনির্ণয় ও চিকিৎসাসেবা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পিএম

ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধা ও চিকিৎসাসেবা চালু হলো বারডেম হাসপাতালে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসা-সেবা দেওয়া হবে। এ লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে এবং প্রথমবারের মতো ক্যান্সার ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ সোমবার (২ ডিসেম্বর) বারডেম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক এম এ হাই ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী।

ক্যান্সার চিকিৎসায় ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ (এনজিএস) সম্পর্কে বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সায়েন্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. এম শওকত হাসান এবং ইমিউনোলজি বিভাগের প্রধান ও চিফ রিসার্চ অফিসার ড. মো. সোহরাব আলম। অনুষ্ঠানে দেশের ক্যান্সার বিশেষজ্ঞসহ দেশের খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এখন থেকে বারডেমে ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ বা এনজিএস-ভিত্তিক বিআরসিএ-১ ও বিআরসিএ-২-এর মাধ্যমে স্তন ক্যান্সার ও ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা চালু রয়েছে। আন্তর্জাতিক নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে বর্তমানে ফুসফুস, কোলন ও প্রোস্টেটের মতো সলিড টিউমারের ক্ষেত্রে এনজিএস-ভিত্তিক ক্যান্সার জিন প্যানেল পরীক্ষার প্রবর্তন করা হয়েছে।

এ ছাড়া বিশেষ পরিস্থিতিতে লিকুইড বায়োপ্সির মতো অত্যাধুনিক পরীক্ষাও অবিবিলম্বে শুরু হবে। বারডেমে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা ও রোগনির্ণয় সুবিধা থাকায় রোগীরা দেশেই উন্নত ক্যান্সার চিকিৎসার সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত