গোপালগঞ্জ

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ২

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও ভ্যান চালক যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মো. রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়। 

এ সময় ভ্যান চালক ঘটনাস্থলে নিহত হন এবং লোকাল বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয়। 

আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ পরিবহনের বাসটিকে পুলিশ জব্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত