কুমিল্লার লালমাইয়ে আবু তাহের মজুমদার নামের এক আওয়ামী লীগ নেতাকে জন্মদাতা পিতা দাবি করে গ্রাম আদালতে মামলা করেছেন রোজিনা বেগম (৪২) নামের এক নারী। তিনি উপজেলার বেলঘর উত্তর ইউপির আ. লীগের সহ-সভাপতি ও একই ইউপির পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের সাধুরকলমিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল মৌলভির ছেলে আবু তাহের মজুমদার তার জন্মদাতা পিতা। তিব্বত কোম্পানীর কুমিল্লা অফিসে চাকরি করাকালীন ৪৩ বছর পূর্বে আবু তাহের মজুমদার ওই নারীর মা সুফিয়া বেগমকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। তাহের-সুফিয়ার দাম্পত্য জীবনে রোজিনার জন্ম হয়। এর কিছুদিন পর আবু তাহের মজুমদার তিব্বত কোম্পানীর ঢাকা অফিসে যোগদান করেন এবং রোজিনার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে আবু তাহের মজুমদার চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
রোজিনা বেগম বলেন, অনেক বছর ধরে পিতৃপরিচয়ের দাবিতে ঘুরতেছি। বাবার বাড়িতে কয়েকবার গিয়েছি। আমার বাবা আমাকে সন্তানের স্বীকৃতি দেননি। বরং আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে হুমকি ধমকি দিতেন। সে কারণে আমি এতোদিন মামলা করতে পারিনি। বাবার কোনো সম্পত্তি আমার দরকার নেই। শুধু বাবাকে বাবা বলে ডাকতে চাই। সবাইকে জানাতে চাই, আমি বাবা ছাড়া নই। আবার বাবার নাম আবু তাহের মজুমদার। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক সাধুরকলমিয়া গ্রামের কয়েকজন জানান, রোজিনা বেগম আবু তাহের মজুমদারের মেয়ে কিনা সেটা ডিএনএ পরীক্ষা করলেই জানা যাবে। তবে ২৫-২৬ বছর পূর্বে রোজিনাকে নিয়ে তার মা আমাদের গ্রামে এসে বিচার চেয়েছিল। সে সময়ে সালিশ বৈঠকে রোজিনার মা বিয়ের কাবিনের কপি দেখাতে পারেননি। তিনি মৌখিকভাবে হুজুর দিয়ে বিয়ে পড়ানোর দাবি করেছিলেন। উপযুক্ত প্রমাণ না দিতে পারায় পিতৃপরিচয়ের জন্য ৪২ বছর ধরে মেয়েটা ঘুরতেছে।
এ বিষয়ে আ.লীগ নেতা আবু তাহের মজুমদার বলেন, আমি কিছুই জানি না। এসব মিথ্যা অভিযোগ। কিছু লোক আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে।
এ বিষয়ে বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক বলেন, রোজিনা বেগম নামের একজন নারী পিতৃপরিচয়ের দাবিতে প্যানেল চেয়ারম্যান আবু তাহের মজুমদারের বিরুদ্ধে ১ ডিসেম্বর আমার পরিষদের গ্রাম আদালতে মামলা করেছেন। আদালতের নিয়ম অনুযায়ী উভয় পক্ষকে নোটিশ করে শুনানি গ্রহণ হবে। তখন অভিযোগের সত্য মিথ্যা জানা যাবে।
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ
থার্ড টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের তদন্ত হবে: পর্যটন উপদেষ্টা