সাভারে বাস-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম

সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকারের সঙ্গ যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিন জন মারা গেছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতাল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দুরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্য দুইজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম সড়ক দুর্ঘনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় আনার কাজ করছি। এ ছাড়া আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এঘটনায় নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত