আইনজীবী সাইফুল হত্যা

আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে পদত্যাগ অতিরিক্ত পিপির

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পিএম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামির পক্ষে ওকালতনামা দেওয়ায় আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) নেজাম উদ্দীন। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটেছে।

নেজাম উদ্দীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়ার জুনিয়র। আইনজীবীরা তারও (মফিজুল) পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেছেন।

অভিযোগে নেজাম উদ্দীন সরকারি কৌঁসুলি হয়ে পুলিশের ওপর হামলা ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত আসামিদের পক্ষে ওকালতনামা দিয়েছেন। অবশ্য বিক্ষোভের জেরে সেই ওকালতনামা প্রত্যাহার করে নেন অভিযুক্ত আইনজীবী নেজাম।

আদালত সুত্র জানায়, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও পুলিশের ওপর হামলার মামলায় ১৭ আসামিকে সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে পুলিশের ওপর হামলার মামলায় ৮ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। এর মধ্যে মোহাম্মদ দেলোয়ার ও মোহাম্মদ নুরুর নামে দুই আসামির আইনজীবী হিসেবে ওকালতনামা দেন নেজাম উদ্দীন। বিষয়টি জানাজানি হলে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা।

এরপর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর সরকারি কৌঁসুলি কার্যালয়ে সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা। তারা অতিরিক্ত পিপি নেজাম উদ্দীনের পদত্যাগ দাবি করেন।

একপর্যায়ে মহানগর পিপি'র দপ্তরে পেয়ে নেজাম উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ  আইনজীবীরা। শেষে তিনি অতিরিক্ত মহানগর সরকারি কৌঁসুলির পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। তবে নেজাম উদ্দীন বলেন, ‘আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র।'

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, 'আইনজীবী হত্যা ও পুলিশের ওপর হামলার মামলায় চট্টগ্রাম বারের কোনো আইনজীবীকে অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এরপরও একজন আইনজীবী দুই আসামির পক্ষে ওকালতনামা দেওয়ায় আইনজীবীরা বিক্ষোভ করেন। পরে ওই আইনজীবী তার ওকালতনামা প্রত্যাহার করে নেন। একই সঙ্গে এপিপির পদ থেকে পদত্যাগ করেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত