গাইবান্ধায় ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবকসহ আটক ৩

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নুরুল আমিন (২৪) নামের এক রোহিঙ্গা যুবকে আটক করেছে পুলিশ। এ সময় ওই রোহিঙ্গাকে সহযোগীতার অভিযোগে স্থানীয় আর দুই যুবককে আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার জি-৩ বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা। তার বাবার নাম হোসেন ওরফে লালু মিয়া ও মায়ের নাম ইশারত ফাতেমা। এ ছাড়া তার সহযোগী তায়েফ সরকার (২৩) সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুজ্জামান সরকারের ছেলে ও জীবন কৃষ্ণ দ্বীপদ উজ্জল (৩৪) একই ইউনিয়নের তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটক রোহিঙ্গা যুবক সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার নিবন্ধন করতে আসে। এ সময় নিবন্ধন করতে কাগজ পত্র কর্মকর্তার কাছে জমা দেন। পরে নির্বাচন কর্মকর্তা দেখেন তার কাগজ পত্রগুলো সম্পন্ন ভুয়া। পরে তাকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বলেন, রোববার উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯নং ওর্য়াডের আরাজী তরফ কামাল গ্রামের (এলাকার কোড নং-০৬২৩) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ওই রোহিঙ্গা যুবক স্থানীয় দুইজনকে সঙ্গে নিয়ে তার কার্যালয়ে আসে। ভোটার আবেদনের অনলাইন কপি ও সংযুক্ত কাগজপত্রে পিতার নাম মো. হেলাল উদ্দিন ও মায়ের নাম রত্মা বেগম উল্লেখ করেন। তাদের দেওয়া কাগজপত্র পর্যালোচনা করে সন্দেহ সৃষ্টি হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক নুরুল আমিনের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উচ্চারণ পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রোহিঙ্গা যুবক তার সঙ্গে থাকা দুই যুবকের সহায়তায় এই এলাকার ভোটার নিবন্ধন করতে আসেন বলে স্বীকার করে। তাদের জমা দেওয়া কাগজ পত্র ভুয়া ও তৈরি করা। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মোমেন বাদী হয়ে রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক স্থানীয় দুই যুবক জাল জন্ম সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র তৈরি এবং শনাক্তকারী হিসাবে ওই রোহিঙ্গা যুবককে সহায়তা করে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। কীভাবে রোহিঙ্গা সাদুল্লাপুর উপজেলায় আসল? এটি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত