ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।
ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, ভারতীয় দূতাবাসে মঙ্গলবার রাত থেকে স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দূতাবাসের সামনে ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।
এ ছাড়া আরও জানা যায়, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গুলশান ও প্রগতি সরণি এলাকা থেকে ভারতীয় দূতাবাসমুখী রাস্তায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। যদিও ওই তল্লাশি চৌকি স্বাভাবিক সময়েও থাকে।
এ বিষয়ে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, দূতাবাস এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তাশঙ্কা নেই বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না। তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা জোরদার করা হয়েছে।
অন্যদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আন্তর্জাতিক আইন অমান্য করে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ন্যাক্কারজনক হামলার ঘটনায় দেশে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন ও আমজনতা।
ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য সব হোটেল বন্ধ, মিলবে না খাবারও