ভারতের ৩৬ রানের ভেন্যুতে দিবা-রাত্রির টেস্ট, অজিদের একাদশ ঘোষণা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

চার বছর আগে ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অল-আউট হয়েছিল ভারত। সেই অ্যাডিলেডেই আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় এই টেস্টের আগের দিনই স্বাগতিক দল তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার জস হ্যাজেলউডের বিকল্প হিসেবে একাদশে এসেছেন স্কট বোল্যান্ড। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, স্কট সবসময়ই ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করেন। এবারও তিনি চমক দেবেন বলেই আশা কামিন্সের। একই সঙ্গে জানা গেছে, মিচেল মার্শও ফিট হয়ে উঠেছেন।

জস হ্যাজেলউডের চোটের পাশাপাশি মার্শকে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা ছিল। বোলিংয়ে বেশি গতি আনতে গিয়ে তিনি চোটে আক্রান্ত হয়েছেন বলে শোনা গিয়েছিল। অ্যাডিলেডে তাকে নিয়ে শঙ্কা থাকায় বিকল্প হিসেবে নতুন মুখ বিউ ওয়েবস্টারকে দলে ডাকা হয়েছিল। তবে মার্শ অ্যাডিলেডে বোলিং করতে পারবেন বলে নিশ্চিত করেছেন প্যাট কামিন্স। তাই ৩০ বছর বয়সী ওয়েবস্টারের অভিষেকের অপেক্ষা বাড়ল।

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত