গত ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের একজন ওপেনারকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায় তুলকালাম হয়েছিল। এবার ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে তিনি ওপেনিং পজিশন ছেড়ে দিচ্ছেন। ২০১৯ সালের পর এই প্রথম তাকে ব্যাট হাতে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে না।
ব্যক্তিগত কারণে পার্থে প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। ওই ম্যাচে ওপেন করেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সোয়াল। প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর দ্বিতীয় ইনিংসে দুজনে গড়েন ২০১ রানের ওপেনিং জুটি। ওই টেস্ট ভারত জিতে নেয় ২৯৫ রানের বিশাল ব্যবধানে। এখন ফর্মে না থাকা রোহিত ওপেনিংয়ে এলে লোকেশ রাহুলের প্রতি অবিচার করা হয়। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
অ্যাডিলেড টেস্টের আগে রোহিত নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। লোকেশ রাহুলকে ওপেনিংয়ে দেখা যাবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘সে ইনিংস উদ্বোধন করবে এবং আমি মিডল অর্ডারের কোনো পজিশনে খেলব।’ অবশ্য ভারতীয় দলের অনুশীলন এবং অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রোহিতের বক্তব্যের সত্যতা নিশ্চিত করে। তিনি মিডল অর্ডারে ব্যাট করারই প্রস্তুতি নিচ্ছেন।
ছয় আঙুল দেখানোর পরের ম্যাচেই তিন গোলে জিতলেন গার্দিওলা
আফগানিস্তানে নারীশিক্ষা চালুর জোরালো দাবি জানালেন রশিদ-নবি