সিরিজ থেকে এবার সিনেমা, প্রেক্ষাগৃহে আসছে ‘মির্জাপুর’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

চার বছর আগে ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’। এর দুই বছর অন্তর অন্তর এসেছে তার দুই কিস্তি। এবার মির্জাপুর ভক্তদের জন্য এল আরও বড় সুখবর। বড় পর্দায় আসতে চলেছে ‘মির্জাপুর দ্যা ফিল্মস’।

সিনেমার মোড়কে আসবে ‘মির্জাপুর’, কথাটি শোনার পর থেকেই ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু সিনেমার গল্প কী হবে? কাদের দেখানো হবে এই সিনেমায়? সবকিছুই খোলাসা করলেন অভিনেতা আলি ফজল ওরফে মির্জাপুরের গুড্ডু পন্ডিত।

তিনি বলেন, আমরা এই সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিত। এই সিনেমার গল্প আমাদের সময়ের পিছনে নিয়ে যাবে। তাহলে কি মির্জাপুর প্রিক্যুয়েল? জিজ্ঞাসা করায় অভিনেতা বলেন, এখনই বলা যাবে না তবে সঠিক সময় এলে ঠিক জানতে পারবেন। তবে কিছুদিন আগেই যে অভিনেতা সিক্যুয়েল সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন তিনি কীভাবে এই সিনেমায় অভিনয় করছেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি আলি।

সোমবার এক্সেল মুভিজের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উদ্দেশ্যে এমনই বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার, যেখানে বন্দুক হাতে ক্ষমতা দখলের লড়াইয়ে ফের আরও একবার মুখোমুখি হতে চলেছেন কালিন ভাইয়া, গুড্ডু ভাইয়া এবং মুন্না।

সিনেমাটি ২০২৬ সালে সিনেমা হলে আসবে বলে দেখানো হয়েছে টিজারে।

প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনা করছেন রিতেশ সিধবাণী এবং ফারহান আখতার। চিত্রনাট্য লিখেছেন পুনিত কৃষ্ণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত