একদিন বন্ধের পর ফের পর্যটকের পদচারণায় মুখর সাজেক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি ভ্রমণে একদিনের নিষেধাজ্ঞা ছিল। তবে একদিন বন্ধের পর ফের পর্যটকের পদচারণায় মুখর সাজেক। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাঘাইহাট ক্যাম্প থেকে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, সাজেকের পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা নেই। পর্যটকরা নিরাপদে সাজেকে আসতে পারছেন। প্রায় ১০০ গাড়িতে হাজারো পর্যটক সাজেকের উদ্দেশে রওয়ানা দিয়েছে। সেনাবাহিনী নিরাপত্তা আরও বাড়িয়েছে।

রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বাঘাইছড়ি সার্কেল অফিসার মাহমুদুল হাসান জানান, সাজেকের সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। মাচালং ও এর আশপাশে যেসব ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেখানে পুলিশের তল্লাশি ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। কয়েকদিন এই অভিযান পরিচালনা করা হবে। সাজেকের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও শান্ত রয়েছে। পর্যটকদের সাজেক ভ্রমণে কোনো সমস্যা নেই।

এর আগে সাজেক ও তার পাশ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গতকাল বুধবার সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত