চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির জিপিএইচ কারখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- মো. শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তারা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার স্থলে মহাসড়কের পাশে বালু স্তূপ করে রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন। তিনি জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনা পরবর্তী সময় কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, ৩ ‘বজরং’ সদস্য গ্রেপ্তার
একদিন বন্ধের পর ফের পর্যটকের পদচারণায় মুখর সাজেক