৮ বছর পর মুক্তি পেল সিনেমা, ততদিনে হারিয়ে গেছেন নায়িকা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

৮ বছর আগে সাইফ চন্দনের ‘টার্গেট’ সিনেমার শুটিং সম্পন্ন  হয়েছিল। চিত্রনায়ক নিরব ও আনিসুল হক মিলন অভিনীত অ্যাকশন ধাঁচের এই ছবি নিয়ে অনেক সম্ভাবনাও তৈরি হয়েছিল। শুটিং সম্পন্ন হওয়ার পরেও ছবিটি অজ্ঞাত কারণে মুক্তি পায়নি। তবে আজ শুক্রবার সারাদেশে টার্গেট নামের ছবিটি মুক্তি পেয়েছে ‘দুনিয়া’নামে। তবে সিনেমাটির নাম কেন বদল হলো চলচ্চিত্র সংশ্লিষ্টরা কেউই বলতে পারেননি। এতে নায়িকা হিসেবে রয়েছেন দুইজন। একজন আইরিন ও অন্যজন অমৃতা। মজার বিষয় হলো এই চলচ্চিত্রের নায়িকা অমৃতা একেবারে হারিয়ে গেছেন। 

অমৃতা সামাজিক মাধ্যম থেকে শুরু করে কোথাও নেই।  ৬ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওজন বেড়ে যাওয়ায় তিনি অন্তরালে চলে যান। কিন্তু ওই সাক্ষাৎকারের পরেও তিন ই নিয়মিত হননি। এখনো তিনি আড়ালেই রয়েছেন। হারিয়ে গেছেন চলচ্চিত্র জগত থেকে। মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। 

এদিকে, প্রায় দুই বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাগজ। মাঝে প্রায় দুই বছরের বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।

এই সিনেমা নিয়ে চিত্রনায়ক নিরব নিউ ইয়র্ক থেকে বললেন, ছবিটির শুটিং বেশ কয়েক বছর আগে হয়েছে। তবে দারুণ অ্যাকশন সিনেমা। দর্শকেরা ছবিটি দেখে আনন্দ পাবে।

সিনেমা সম্পর্কে আইরিন বলেন, কোনো কোনো ছবি ১০ বছর ধরেও নির্মিত হতে পারে। এখন ছবির মেরিটের ওপর নির্ভর করে দর্শক পছন্দ করবে কি না। চন্দন ভাইয়ের কাজ আমি হলে গিয়ে দেখেছি। তিনি দর্শকের পালস বোঝেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’-এও আমি অভিনয় করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারি, দর্শক নিরাশ হবেন না। তা ছাড়া তারকাবহুল এই ছবিতে কিন্তু আনিসুর রহমান মিলন ভাই, মিশা সওদাগর ভাই, নিরব, অমৃতারাও আছেন। তাদেরও তো নিজস্ব ভক্ত আছে। আমিও আমার জায়গা থেকে সেরা অভিনয়ের চেষ্টা করেছি। সব মিলিয়ে দর্শক নিরাশ হবেন না বলে মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত