হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বছরটা ভালোভাবে শেষ হলো না। সৌদি প্রো লিগে আল নাসরের বছরের শেষ ম্যাচে তিনি গোল করেলেও দলকে জেতাতে পারেননি। আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে গেছে নাসর। আগের ম্যাচে এএফসি চ্যাম্পিয়নস একই ব্যবধানে তারা হেরেছিল কাতারের ক্লাব আল সাদের কাছে।
গতকাল শুক্রবার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। প্রথমার্ধেই অবশ্য করিম বেনজেমার পাস থেকে আল নাসরের জালে বল পাঠিয়েছিলে স্টেভেন বার্গওয়্যান। কিন্তু অফসাইডে সেই গোল বাতিল হয়। গোলশূন্য প্রথমার্ধে আরও অন্তত দুটি সহজ সুযোগ মিস করেছেন বেনজেমা। অন্যদিকে নাসরের হয়ে সাদিও মানে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই দলই গোল পেয়ে যায়। ৫৫তম মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় ইত্তিহাদ। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি নাসর। ৫৭ মিনিটে স্কোরলাইন ১-১ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন। এটা তার ক্যারিয়ারের ৯১৬তম গোল।
ম্যাচে সমতা ফেরার পর দুই দল তুমুল আক্রমণ শুরু করলেও গোল হচ্ছিল না। একটা সময় ড্র হওয়াটাই সম্ভাব্য ফলাফল হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে গোল করে আল ইত্তিহাদের জয় নিশ্চিত করেন বার্গওয়্যান। ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো ইত্তিহাদের। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা আল কাদিসিয়ার পয়েন্ট ২৮। আর ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আল নাসর।
রাফিনহার বিশ্রাম নেই; প্রতি ম্যাচেই চান বার্সা কোচ
সেই হারিয়ে যাওয়া সৌম্য সরকার এখন টুর্নামেন্টসেরা
সৌম্য ঝড়ে গ্লোবাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স