ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানা সূত্র জানায়, নিহত শিমুল মিয়া যশোরের অভয়নগর থানার লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
