বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ৫০ ক্রিকেটারের!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

বোর্ডের সিদ্ধান্তে খুশি হতে না পেরে বিদ্রোহী হয়ে উঠেছেন ইংল্যান্ডের বিভিন্ন পর্যায়ে খেলা অন্তত ৫০ ক্রিকেটার। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্প্রতি বিদেশি লিগে খেলার ক্ষেত্রে ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে সেই ৫০ জন ক্রিকেটার ইসিবির আয়োজনে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বর্জন করতে পারেন বলে জানিয়েছে ‘টেলিগ্রাফ’।

ইসিবির নিয়ম অনুযায়ী, কোনো কাউন্টি দলের সঙ্গে লাল বলের ক্রিকেট খেলার চুক্তি থাকলে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। অর্থাৎ, ইংল্যান্ডে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট চলাকালীন সময় যদি অন্য দেশের টি-টোয়েন্টি লিগ থাকে, তাহলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের লাল বলের ক্রিকেটই খেলতে হবে। সেইসঙ্গে ‘দ্য হান্ড্রেড’ এর সময়ও যদি অন্য দেশের লিগ থাকে, সেক্ষেত্রেও এনওসি দেওয়া হবে না। তবে কাউন্টি দলের সঙ্গে যাদের কেবল সাদা বলের চুক্তি আছে, তারা এক্ষেত্রে ছাড় পাবেন।

ইসিবির এই নিয়ম মানলে ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হবে না। ইংল্যান্ডের কাউন্টি মৌসুমের সময়েই মেজর ক্রিকেট লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়ে থাকে। তবে অদ্ভুতভাবে ভারতের আইপিএলকে এই তালিকায় রাখা হয়নি। অর্থাৎ, কাউন্টি না খেলে আইপিএল খেলতে চাইলে ছাড়পত্র দেবে ইসিবি।

নতুন এই নিয়মে বেজায় চটেছেন ইংলিশ ক্রিকেটারেরা। এর প্রতিবাদে অন্তত ৫০ জন ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’ না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সেই ক্রিকেটারদের পরিচয় প্রকাশ করেনি ‘টেলিগ্রাফ’। ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা কোনো ক্রিকেটার এই ৫০ জনের মধ্যে আছেন কি না সেটাও জানা যায়নি। তবে ক্রিকেটাররা এই অবস্থানে অনড় থাকলে ‘দ্য হান্ড্রেড’ এর আগামী আসর আয়োজন করতে মহাবিপাকে পড়ে যাবে ইসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত