১২২ মিলিয়ন ডলারের সবচেয়ে দামি দল ধোনির চেন্নাই

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

আইপিএল মানেই টাকার ওড়াওড়ি। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তার কারণে এই টুর্নামেন্টে টাকা লগ্নিকারীর অভাব হয় না। প্রতিটি দলই নিলামে কোটি কোটি টাকা খরচ করে খেলোয়াড় কিনতে। এবারের মেগা নিলাম শেষে ব্র্যান্ড ভ্যালুর বিচারে সবচেয়ে দামি দলের মর্যাদা পেয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তাদের ব্র্যান্ড ভ্যালু এখন ১২২ মিলিয়ন ডলার!

বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের প্রতি আসরেই টাকার পরিমাণ বাড়তেই থাকে। দেখা যায় নতুন নতুন রেকর্ড। এবারের মেগা নিলামে ২৭ কোটি রুপিতে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেছেন রিশাভ পান্ত। তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংসে গেছেন শ্রেয়স আইয়ার।

আইপিএলের ব্র্যান্ড ফাইন্যান্স প্রতিবেদন অনুযায়ী, মেগা এই আসরের ব্র্যান্ড ভ্যালু ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে ১০.৭ বিলিয়ন ডলার থেকে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলারে। সবচেয়ে জনপ্রিয় চারটি দল চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একসঙ্গে প্রথমবারের মতো ১০০ মিলিয়ন ব্র্যান্ড ভ্যালুর মাইলফলক অতিক্রম করেছে।

১২২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকায় শীর্ষে আছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। তালিকার দ্বিতীয় স্থানে আছে চারবারের আইপিএলজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের ব্র্যান্ড ভ্যালু ১১৯ মিলিয়ন ডলার। বিরাট কোহলির বেঙ্গালুরু ১১৭ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে আছে তৃতীয় স্থানে। এছাড়া চতুর্থ স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ১০৯ মিলিয়ন ডলার।

চলতি বছর সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডের তকমা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের ব্র্যান্ডভ্যালু ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে ২০০৯ সাল থেকে ব্র্যান্ড ভ্যালু সর্বোচ্চ বেড়েছে চেন্নাইয়ের, যার সবচেয়ে বড় কারণ ধোনির জনপ্রিয়তা। গত ১৫ বছরে তাদের ব্র্যান্ড ভ্যালু ২১৩ শতাংশ বেড়েছে। কম যায়নি বেঙ্গালুরুও। বিরাট কোহলির জনপ্রিয়তায় ১৫ বছরে তাদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২১২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত