জি এম কাদের এত বড় কথা বলার সাহস পায় কী করে, প্রশ্ন রিজভীর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে শেখ হাসিনা, জি এম কাদেরদের জন্ম। হাসিনার দোসর জি এম কাদের এখনও এত বড় কথা বলার সাহস পায় কী করে? সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফরহাদকে ফিরে পাওয়ার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন রাখেন।

রিজভী বলেন, আজকে হাসিনার দোসর জি এম কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে জনসমর্থন নাকি ৫০ শতাংশ। এই কথা বলার সুযোগ পায় কী করে জি এম কাদেররা? শেখ হাসিনার রক্ত ঝড়ানো দুঃশাসনে কত মায়ের বুক খালি হয়েছে, কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, কত পিতা যে উন্মাদ হয়ে গেছে তার ঠিক নেই। সেই শেখ হাসিনার শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলো স্বৈরাচার এরশাদ, তার স্ত্রী ও জি এম কাদেররা আজ উঁচু গলায় কথা বলে কী করে?

বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা জানি ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম। ওখানে জি এম কাদের, রওশন এরশাদের জন্ম। ওরা তো একথা বলবেই। এখন ঘাপটি মেরে থাকলেও তারা যেকোনও মুহূর্তে সুযোগ পেলে ছোবল দেবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে। গণতন্ত্রকামী মানুষ সমর্থন দিয়েছে, যাদের সন্তানদের শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে। আপনাদের কাজ কি শুধু গদির মধ্যে বসে থাকা? এসি রুমের মধ্যে বসে থাকা? আপনারা এই চার মাসে কি করেছেন দেখাতে পারবেন? আজকেও সয়াবিন তেল কেন ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি হবে? এ জন্যই কি অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিয়েছে? এখনও তো বাজার নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগের লোকেরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপি নির্ভয় কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত