ঝগড়ার জেরে বাবার লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

পারিবারিক কলহের জেরে মাদারীপুর জেলার শিবচরে বাবার লাঠির আঘাতে আইরিন আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোমস্তা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আইরিন ওই এলাকার ফরহাদ গোমস্তার মেয়ে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ জানায়, পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ফরহাদের সঙ্গে তার স্ত্রী নাজমার  ঝগড়া হতো। আজ সকালে ঝগড়ার এক পর্যায়ে নাজমা তার মেয়ে আইরিন আক্তার ও তার বাবা ফরহাদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তার মেয়ে আইরিনকে লাঠি দিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রতিবেশি নাছিমা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে ফরহাদ ও তার স্ত্রী নাজমা বেগমের মধ্যে পারিবারিক সমস্যা লেগেই আছে। আজকে সকালে কান্নাকাটির আওয়াজ পেয়ে আমরা ছুটে যাই। এরপর আইরিনকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যাই।’

নিহতের মা নাজমা বেগম বলেন, ‘আমি রান্নাঘরে রান্না করছিলাম। ঘরের মধ্যে চেঁচামেচির শব্দ পেয়ে দৌঁড়ে গিয়ে দেখি মেয়ে আইরিন মাটিতে পড়ে আছে। আশেপাশের লোকজনও তখন ছুটে আসে। হাসপাতালে আনতে আনতেই মেয়েটি মারা গেল।’

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, ‘সকালে মেয়েটির মা মেয়েকে নিয়ে হাসপাতালে আসে। শরীরে আঘাতের পাশাপাশি মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত