দামেস্ক ছেড়ে যাওয়া শেষ উড়োজাহাজটি কোথায়?

  • দামেস্ক থেকে উড়াল দেয়া উড়োজাহাজটি উপকূলীয় অঞ্চলের দিকে যায়
  • কিন্তু একসময় ইউ-টার্ন নিয়ে মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় উড়োজাহাজটি
  • অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

বিদ্রোহী গোষ্ঠীদের অতর্কিত অভিযান ও একের পর এক শহর দখলের মুখে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন দেশটির দুই যুগেরও বেশি সময়ের প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রোববার সকালে বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার যখন সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করছেন, সে সময় দামেস্ক বিমানবন্দর থেকে একটি ইলিউশিন৭৫ উড়োজাহাজ আকাশে উড়াল দেয়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

স্বাধীন সংস্থা ফ্লাইটরাডার ২৪ বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখে এবং তাদের ওয়েবসাইটে লাইভ মানচিত্র আকারে সে তথ্য প্রদান করে।

ফ্লাইটরাডার ২৪–এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে উড়াল দেয়া ইলিউশিন৭৫ উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। কিন্তু সেখান থেকে পরে ইউ-টার্ন নিয়ে উড়ে যেতে শুরু করে এবং কয়েক মিনিট পর সেটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।

অদৃশ্য হওয়ার সময় উড়োজাহাজটি হোমসের ওপর ছিল বলে আল-জাজিরার খবরে বলা হয়েছে।

ওই উড়োজাহাজে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছিলেন কিনা, রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি। তবে সিরিয়ার সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, রোববার স্থানীয় সময় ভোরে উড়োজাহাজে দামেস্ক ছেড়েছেন আসাদ। তখন তারা বলেছিলেন, আসাদের গন্তব্যে কোথায়, তা তারা জানেন না।

রাজধানী দামেস্কের পাশাপাশি বিমানবন্দরও নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসাদ সিরিয়া ছেড়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত