বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে এক ফ্রেমে দেখা গেলে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা গেল, মেহজাবীনের সঙ্গে সেলফি তুলেছেন রণবীর কাপুর।
এই বলি তারকার সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রীর দেখা হয়েছে সৌদি আরবের জেদ্দার কালচার স্কয়ারে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে। আর তার ফাঁকেই এই দেখা ও সেলফি!
দেশ রূপান্তরকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এখানে এসে অনেক পছন্দের শিল্পীদের সঙ্গেই দেখা হলো। উইল স্মিথ, এমিলি ব্লান্ট এবং অবশেষে আজ দেখা হলো রণবীর কাপুরের সঙ্গে। খুব খুব ভালো লেগেছে।’
কি কথা হয়েছে তার সঙ্গে, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘তেমন বিশেষ কিছু না। জাস্ট হাই-হ্যালো। আমি আমার পরিচয় জানালাম, আমার সিনেমাটি সম্পর্কে বললাম। এবং সবশেষে একটি ছবি তুললাম। এতটুকুই।’
উৎসবটিতে প্রদশর্নীর জন্য জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি।
জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।
মাকসুদ হোসেন পরিচালিত সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমাটি ইতিমধ্যেই টরন্টো, বুসানের উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। শিগগিরই মুক্তি পাবে দেশে।
উইল স্মিথ, এমিলি ব্লান্টের সঙ্গে ফ্রেমবন্দি মেহজাবীন