হয়রানির উদ্দেশ্যে আসামি করলে চাঁদাবাজির মামলা করা হবে: ডিএমপি কমিশনার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পিএম

হয়রানি করার উদ্দেশ্যে জুলাই-আগস্টের ঘটনার মামলায় নিরপরাধ ব্যক্তিকে যারা আসামি করেছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, গত ৫ আগস্টের পর অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছে করে অনেককে আসামি করে মামলা বাণিজ্য করছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে অনেক ভুয়া ও গায়েবি মামলা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, অনেক বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছেন বাণিজ্য করতে। এজন্য ১৫০-২০০ বা আরো বেশি আসামি করা হয়েছে। প্রথমে আওয়ামী লীগ নেতা বা বিগত সরকারের শীর্ষ নেতাদের নাম দিয়ে পরে ঢালাওভাবে ইচ্ছেমতো নাম মামলায় অন্তুর্ভুক্ত করা হয়েছে। পুলিশকে মামলা নিতে বাধ্য করা হয়েছে।

তিনি বলেন, মামলার আসামি দুইশ-তিনশ। নতুন করে যেটা শুরু হয়েছে, সেটা হলো বাদীরা প্রত্যেকের কাছ থেকে টাকা চাইছে। টাকা দাও, নাম কেটে দেবো বা মামলা উঠায় নেবো।

আইনগতভাবে বাদীর মামলা উঠানোর কোনো এখতিয়ার নেই উল্লেখ করে তিনি জানান, পুলিশেরও মামলা উঠানোর কোনো ক্ষমতা নেই। যারা মামলায় আসামি করার নাম করে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিতে ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান ডিএমপি কমিশনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত