তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

সাভার গলফ ক্লাবে ৩য় ওয়েস্টার্ন গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় ৭ ডিসেম্বর ২০২৪ইং শনিবার। তিনদিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ৩৮৩ জন গলফার অংশ নেন, যা টুর্নামেন্টের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অংশগ্রহণ।

শনিবার সাভার গলফ ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার এবং সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মঈন খান, ওএসপি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব বশির আহমেদ, ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যান নারগীস আহমেদ, ডিরেক্টর নাগীর আহমেদ অপূর্ব এবং ডিরেক্টর নাহফিদ আহমেদ অনন্য।

এছাড়া সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ৭১ মেকানাইজড ব্রিগেড কমান্ডার, ৮১ পদাতিক ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার এবং সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে জুনিয়র বিভাগে বিজয়ী হন মোহাম্মাদ জাওয়াত ইসলাম জারিফ, লেডিস বিভাগে রাহাতুল প্রান্তি, সিনিয়র বিভাগে হারুন অর রশীদ, ভ্যাটার্ন বিভাগে ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হন মিঃ শাফিন মুনির। উপস্থিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব বশির আহমেদ বলেন, "গলফ খেলা আমাদের সততা ও শৃঙ্খলার শিক্ষা দেয়। নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তোলার জন্য আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ওয়েস্টার্ন গ্রুপ দেশের গলফ খেলার উন্নয়নে সবসময় পাশে থাকবে এবং এই খেলা আরও জনপ্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।"

তৃতীয় ওয়েস্টার্ন গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশে গলফ খেলার প্রসারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এটি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে গলফ খেলার প্রসারে ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত