সিরিয়া সংঘাতে কি ইসরায়েল জড়িত? মুখ খুললেন কূটনীতিক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ‘সিরিয়া সংঘাতে ইসরায়েল জড়িত নয়। জড়াতেও চায় না। তবে ইসরায়েল আত্মরক্ষার জন্য প্রস্তুত।’ সোমবার (৯ ডিসেম্বর) এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রিউভেন আজার বলেন, সিরিয়ায় যা কিছু হচ্ছে তা ইরানের ভুল নীতির ফল। ইরানের সব শাখা এই অঞ্চলে কেটে ফেলা হয়েছে। ইরান এবং হিজবুল্লাহ একটি বড় ভুল করেছে। তারা বুঝতে পারেনি ইসরায়েলের ওপর আক্রমণের ফল কী হতে পারে।

তিনি বলেন, ‘হিজবুল্লাহ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি হয়তো মনে করতে পারেন, নাসরাল্লাহসহ হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করা হয়েছে। এরপর ইরান সরাসরি ইসরায়েলের ওপর আক্রমণ চালায়। আমরা জানি ইসরায়েল আত্মরক্ষার পাশাপাশি পাল্টা আঘাতও হানে।’

‘বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় ইরানের শাখাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সেই মুহূর্তেই বিদ্রোহী গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে পরিস্থিতির সদ্ব্যবহার করেছে। এভাবেই সিরিয়ার পরিস্থিতি পাল্টে গেছে।’

রিউভেন আজার বলেন,  ‘সিরিয়ার বর্তমান পরিস্থিতি ইসরায়েলের কারণে নয়। বরং এটি ইরানের ভুল নীতির ফল। তবে এটি ইসরায়েল পরিকল্পিত কোনো ঘটনা নয়। আমরা সিরিয়ার রাজনীতিতে জড়ানোর ইচ্ছাও রাখি না। এটি সিরিয়ার জনগণের সমস্যা এবং তারাই সমাধান করবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত