কলকাতা দখলের জন্য ঢাকা থেকে আসছে ৩ লাখ রিকশা: বিজেপি নেতা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশকে নিয়ে একের পর এক মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য যেন থামছেই না। বিজেপির এই নেতা এবার বাংলাদেশকে কটাক্ষ করে হাস্যকর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে খবর আছে, কলকাতা দখল করার জন্য ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে।

তবে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ রাজ্যের অন্যান্য শহরে হাতে টানা রিকশার ব্যবহার থাকলেও বর্তমান বাংলাদেশের কোথাও এই রিকশা নেই। তবে বাংলাদেশে স্বল্প খরচের প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ব্যবহার রয়েছে।

বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বেশ সরব হয়ে উঠেছেন বিজেপির এই নেতা। সোমবার শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কী? রাফাল রাখা আছে হাসিমারায়। শুধু আওয়াজ দিলে না ওখান থেকে, প্যান্টে বাথরুম হবে।’

মমতার মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, ‘উনি কখন কি বলেন সেটা জানি না। বিষয়টা নিয়ে ভারত সরকারকে চিঠি দিতে পারেন। আসলে বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের যথেষ্ট জনরোশ তৈরি হয়েছে। মুখ বাঁচানোর জন্য তিনি এসব কথা বলছেন।

শুভেন্দু বলেন, ‘আমার মা বরিশালে জন্মগ্রহণ করেছে। তাই আমারও একটা অনুভূতি আছে। এই অনুভূতি থেকেই বাংলাদেশের ঘটনায় আমি আমার মতো করে প্রতিবাদ করছি।’

গতকাল এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই বাংলাদেশ কেঁপে উঠবে। ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনও ধারণা নেই বাংলাদেশের। তারা যেন ভালোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের শক্তি সম্পর্কে জেনে নেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত