সিরিয়া

প্রেসিডেন্ট আসাদ নেই, অস্ত্র ভাণ্ডার গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পিএম

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি আসাদের ফেলে যাওয়া ক্যামিকেল অস্ত্রসহ দূরপাল্লা রকেট ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা'আর সোমবার বিষয়টি নিশ্চিত করেন।

এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ইসরায়েল এবং এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। তাই আমরা কৌশলগত অস্ত্র ব্যবস্থা যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দীর্ঘপাল্লার মিসাইল এবং রকেট ধ্বংস করেছি যাতে সেগুলো চরমপন্থীদের হাতে না পড়ে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী রাতভর উপকূলীয় ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। সাবেক শাসকের পতনের ঘোষণার পরপরই ইসরায়েল অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস করতে ব্যাপক বিমান হামলা শুরু করে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আসাদের পতনের পর সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। তারা  বারবার জানিয়েছে ইরানকে দেশটিতে উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত