কামরাঙ্গীরচর

মালিককে মেরে কারখানায় পুঁতে রাখেন কর্মচারীরা 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

কারখানার ভেতর জুয়া খেলতে বাধা দেওয়ায় মালিককে মেরে সেই কারখানার নিচে মাটিতে পুঁতে রাখেন কর্মচারীরা। ঘটনার পাঁচ দিনের মাথায় মঙ্গলবার সেই কারখানার মাটির নিচ থেকে নিহত মালিক মো. আলমের মরদেহ উদ্ধার করেছে করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে কারখানার কর্মচারী মিরাজ ও তার বন্ধু রিফাত ও আফজালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন কারখানার ভেতরেই জুয়া খেলছিল কর্মচারীরা। তাতে বাধা দিলে আলমকে আঘাত করে অভিযুক্তরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয় তারা। নিহত আলম গত ৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

জানা গেছে, মো. আলম নিখোজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা-পুলিশের শরণাপন্ন হয় পরিবার। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আলমের কারখানার এক কর্মচারীকে আটক করা হয়, পরে আরও দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি জুয়া খেলায় বাধা দেওয়ায় ব্যবসায়ী আলমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলের ক্রাইম সিন সংগ্রহ ও পর্যবেক্ষণ করেছে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ)।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত