প্রেসিডেন্ট এরদোয়ান

সিরিয়া ভাগ হতে দেব না, সন্ত্রাসী সংগঠন নির্মূল করবে তুরস্ক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

বিদ্রোহীদের আন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পরপরই সিরিয়ায় বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। ইতিমধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে তারা। এ পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সিরিয়াকে বিভক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার ভূখণ্ড থেকে আইএসআইএল এবং ওয়াইপিজি সহ সমস্ত সন্ত্রাসী সংগঠন নির্মূল করব।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সিরিয়াকে আর কখনই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপস করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার ওপর কোনও আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো।

ছয় দশকের পুরনো বাথ শাসনের পতনের পর একটি নতুন, সমৃদ্ধ এবং উজ্জ্বল ভবিষ্যত সিরিয়া এবং এর জনগণের জন্য অপেক্ষা করছে বলে জানান এরদোয়ান। একইসঙ্গে এই নতুন যুগ থেকে উপকৃত হওয়ার জন্য সিরিয়ার জনগণের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সিরিয়ার ‘আঞ্চলিক অখণ্ডতার’ প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত