পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে ঝড়ো ব্যাটিংয়ে দলকে টানলেন ডেভিড মিলার। সঙ্গে জর্জ লিন্ডার শেষের ক্যামিওতে লড়াইয়ের জন্য ১৮৩ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। পরে বল হাতে লিন্ডা চার উইকেট নেন তাতে ১১ রানে পাকিস্তানকে হারিয়েছে প্রোটিয়ারা।
২০২১ সালের এপ্রিলের পর প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা।
ডারবানে মঙ্গলবার (বাংলাদেশ সময় রাতে) মিলার ৮ ছক্কা ও ৪টি চারে ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন। ২৪ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৮ রান করেন লিন্ডা। তার আগে পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। ক্লাসেন ও মাহাকা করেন ১২ রান করে।
রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে লড়াইয়ে রাখেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শেষ ওভারে তার বিদায়ের পর ১৭২ রানে পাকিস্তানের ইনিংস। মন্থর ব্যাটিংয়ে শুরু করা রিজওয়ানের এক পর্যায়ে রান ছিল ৪৪ বলে ৩৬, পরে গতি বাড়িয়ে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ বলে ৭৪ রান করেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি।
এছাড়া ৩১ রান করেন সাঈম আইয়ুব। বাবর আজম আউট হয়েছেন শূন্য রানে।
শেষ ১৮ বলে ৬ উইকেট হাতে রেখে পাকিস্তানের দরকার ছিল ৩৬ রান, ইনিংসের ১৮তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নেন লিন্ডা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে নেন ৪ উইকেট। তিন বছরের বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে নেমে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।
'বিএমভি' তে স্বস্তির জয় রিয়ালের
সালাহর হাফসেঞ্চুরি, শেষ ষোলোতে লিভারপুল