চবি শিক্ষার্থীদের যাতায়াতে দ্রুতযান স্পেশাল বাস সার্ভিস চালু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে চালু হয়েছে  'দ্রুতযান স্পেশাল সার্ভিস' চালু করা হয়েছে। ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে মাত্র ৩০ টাকায় যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা। শাটল ট্রেনের পাশাপাশি এমন বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের মাঝে। 

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সেবার উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি হাজী রকিবুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বাস মালিক সমিতির সদস্যরা।

চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় চালু হওয়া এই বাস সার্ভিস বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চট্টগ্রাম শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বিশেষভাবে প্রস্তুত। শিক্ষার্থীরা মাত্র ৩০ টাকার টিকিটে জিরো পয়েন্ট থেকে সরাসরি নিউ মার্কেটে পৌঁছাতে পারবে। প্রতিটি বাস প্রতি ২০ মিনিট অন্তর ছেড়ে যাবে, যা শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ এবং দ্রুত করবে।

বাসের রুট হিসেবে এটি চবি জিরো পয়েন্ট থেকে ১নং গেট রাস্তার মাথা, অক্সিজেন, মুরাদপুর, ২ নং গেইট, ওয়াসা মোড়, ও কাজীর দেওড়ী হয়ে নগরীর নিউমার্কেট এলাকায় পৌঁছাবে। 

অন্যদিকে শহর থেকে ক্যাম্পাসগামী বাস নিউ মার্কেট থেকে ছেড়ে পুরাতন রেলস্টেশন, টাইগারপাস, লালখান বাজার, জি ই সি মোড়, ২নং গেইট, বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও ১নং গেইট হয়ে চবি ক্যাম্পাসের জিরো পয়েন্টে পৌঁছাবে। আবার মুরাদপুর থেকেও এই রুট দিয়ে ভিন্ন বাস ছেড়ে আসবে। 

সকাল ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই সেবা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে মুরাদপুর পর্যন্ত ২৫ টাকা ও নিউমার্কেট পর্যন্ত ৩০ টাকা ভাড়া দিয়ে এই সেবা নিতে পারবে। সাধারণ যাত্রীদের ক্ষেত্রে ৪০ টাকা ভাড়া লাগবে। 

বাস সেবাটি সম্পূর্ণ ই-টিকিটিং পদ্ধতিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা জিরো পয়েন্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গন্তব্যে যেতে পারবে। শহরের কাউন্টার থেকে আর টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার বলেন, দ্রুতযান সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ইকার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।

এ সময় চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব সমস্যা সমাধানে কাজ করেছি। দ্রুতযান বাস সার্ভিস চালু হওয়া এরই ফলস্বরূপ। আশা করি, এই সেবা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে।

বাস সার্ভিস চালুর বিষয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের আশা যাতায়াত ভোগান্তি এবার অনেকটায় কমে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত