বাবার কবরে সমাহিত হবেন পাপিয়া সারোয়ার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারকে তাঁর বাবা সৈয়দ বজলুর রহমানের কবরে সমাহিত করা হবে। কাল শুক্রবার বাদ জুমা যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে বনানীতে বাবার কবরে সমাহিত করা হবে।

গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম।

তিনি জানান, আমার এবং পাপিয়ার পরিবারের অনেককে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাই আমাদের পারিবারিক সিদ্ধান্তে পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।

আজ বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। তার আগে কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হয়।

সারোয়ার আলম জানান, পাপিয়া সারোয়ারের মরদেহ বেলা একটায় ধানমন্ডি ২৮ নম্বরের বাসায় নেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকতা শেষে আজ বারডেমের হিমঘরে রাখা হবে। কাল জুমার পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

কয়েক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন পাপিয়া। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

মৃত্যুকালে এই গুণী শিল্পির বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত