নারায়ণগঞ্জ থেকে অপহৃত ২ ভাই বরিশালে উদ্ধার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা খেকে অপহৃত ২ শিশুকে বরিশাল জলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। ১ ডিসেম্বর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুরা হলেন- ফতুল্লার পশ্চিম লামাপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার আব্দুল কাদিরের দুই ছেলে নাঈম (৭) ও নাবিল (৩)।

১২ ডিসেম্বর রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকা থেকে আব্দুল কাদিরের দুই ছেলেকে গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করা হয়। পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 

অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি জিডি (নং-৫৮৫) দায়ের করেন। এরপর ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে অপহরণকারীরা অপহৃতদেরকে নিয়ে বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। 

পরে পুলিশ পরিদর্শক (নি.) মো. হাবিবুর রহমান, এসআই (নি.) সৈয়দ দেলোয়ার হোসেন , এএসআই (নি.) মাহফুজুর রহমানের সমন্বয়ে একটি টিম গত ১১ ডিসেম্বর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা আসামিরা পালিয়ে যায়। উদ্ধারকৃতদের ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ আদালতে পাঠালে আদালতের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার নূর ফারজানার জিম্মায় প্রদান করেন। উক্ত বিষয়ে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত