ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের চোখে দলের খেলোয়াড়দের আবেগ এবং লড়াইয়ের মানসিকতা একটি গুরুত্বপূর্ণ দিক। গতকাল ইউরোপা লিগের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয়ের পর রাসমুস হোইলুন্ড ও আমাদ দিয়ালোর মধ্যে ঘটে যাওয়া উত্তপ্ত বাকবিতণ্ডা তাই তার কাছে আশাব্যঞ্জক বলেই মনে হয়েছে।
প্লাজেনের মাঠে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আন্দ্রে ওনানার ভুলে স্বাগতিক দল সাবেক বার্নলি ফরোয়ার্ড মাতেই ভিড্রার গোলে এগিয়ে যায়। কিন্তু বদলি নেমে রাসমুস হোইলুন্ড দ্রুত সমতা ফেরান এবং ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে আমোরিমের অধীনে ইউনাইটেডের প্রথম অ্যাওয়ে জয় নিশ্চিত করেন।
তবে দুই গোল করেও হোইলুন্ড ম্যাচ শেষে ছিলেন হতাশ। যোগ করা সময়ে হ্যাটট্রিক করার সুযোগ পেলেও দিয়ালো তাকে পাস না দিয়ে নিজে শট নেওয়ার সিদ্ধান্ত নেন। এর কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে হোইলুন্ডও দিয়ালোকে পাস না দিয়ে এককভাবে খেলেন। এই ঘটনার পর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুজনের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়।
কিন্তু কোচ আমোরিম এই উত্তেজনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। “হ্যাঁ, আমি বিষয়টি জানি। তবে আমার কাছে এটি নিখুঁত,' ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন তিনি। 'এই মুহূর্তে আমাদের কিছু অনুভব করতে হবে। যদি নিজেদের মধ্যে লড়াই করতে হয়, সেটাও একটা ভালো দিক। পরিবারের মতোই, যেখানে কখনো কখনো নিজেদের মধ্যে ঝগড়া হয়। এটি আমাদের আবেগের প্রকাশ এবং আমি এটা ইতিবাচক হিসেবে দেখি।'
আমোরিম আরও বলেন, 'যখন আপনি কিছু নিয়ে ভাবেন না, তখন কিছুই করেন না। কিন্তু যখন আপনি কেয়ার করেন, তখন আপনি ভাই, বাবা বা মায়ের সঙ্গেও লড়াই করেন। এটা স্বাভাবিক এবং দলের জন্য ভালো লক্ষণ। খেলোয়াড়দের নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নিতে দিতে হবে। যদি দেখি ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে, তখন আমি ড্রেসিংরুমে হস্তক্ষেপ করব। তবে এটা তাদের জায়গা, তাদেরই সমাধান করতে হবে।'
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের নকআউট পর্বে যাওয়ার পথে বড় এক পদক্ষেপ নিল। একই সঙ্গে দলটিকে শীর্ষ আটে থেকে প্লে-অফ এড়ানোর ভালো সম্ভাবনা তৈরি করেছে। তবে এর চেয়েও বড় কথা, এই জয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোববারের গুরুত্বপূর্ণ ডার্বির আগে দলের মনোবলকে উজ্জীবিত করেছে।
আমোরিম বলেন, 'এই পরিস্থিতিতে প্রতিপক্ষকে এমন গোল উপহার দেওয়ার পরেও লড়াই না ছেড়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। এটি একটি দারুণ বার্তা। ম্যাচটি খুব ভালো হয়নি, কিন্তু আমরা কিছু ভালো জিনিস করতে পেরেছি। যখন আপনি দল তৈরি করছেন, তখন এই ছোট জিনিসগুলো গুরুত্বপূর্ণ।'
আমোরিম বলেন, 'যখন আপনি জিতে যান এবং তারপরও আপনার সতীর্থের সঙ্গে এক গোল বেশি করতে চাওয়ার জন্য লড়াই করেন, সেটি আমার কাছে খুব ভালো দিন। আমরা জয় পেয়েছি, খেলোয়াড়রা লড়াই করেছে, এবং এটাই দল তৈরি করার প্রক্রিয়ার জন্য ইতিবাচক।'
এখন দলটি মনোযোগ দিচ্ছে সিটির বিপক্ষে ডার্বি ম্যাচে। তবে হোইলুন্ড ও দিয়ালোর আবেগঘন প্রতিদ্বন্দ্বিতা দলটির মধ্যে সাফল্যের জন্য যে তীব্র ইচ্ছা কাজ করছে, তারই প্রতিফলন।
ধবলধোলাই হওয়ার পর মিরাজ বললেন, 'শিখতে হবে'
সেঞ্চুরিতে মোড়ানো আমির জ্যাংগোর স্বপ্নের অভিষেক
পাকিস্তান টেস্ট দলের কোচের পদ থেকে গিলেস্পির পদত্যাগ