কীর্তি সুরেশের বিয়েতে সামান্থার আবেগঘন প্রতিক্রিয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

প্রখ্যাত দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ তার শৈশবের ভালোবাসা অ্যান্টনি থাটিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোয়ার সেন্ট রেজিস রিসোর্টে তাদের ১৫ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেল।

তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কীর্তির এই বিশেষ দিনে তার সহকর্মী এবং বন্ধু সামান্থা রুথ প্রভু শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

সামান্থা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কীর্তি ও অ্যান্টনির বিয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিটি রয়েছে আমার পুরো হৃদয় জুড়ে। দুজন অসাধারণ মানুষের জন্য শুভেচ্ছা। চিরকাল সুখ এবং ভালোবাসায় ভরে উঠুক তোমাদের জীবন।’

সামান্থা এবং কীর্তি সুরেশের বন্ধুত্ব দীর্ঘদিনের। তাদের এই সুন্দর সম্পর্ক মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা নানান পোস্টে ধরা পড়ে।

কীর্তি এবং অ্যান্টনির বিয়ের অনুষ্ঠানে তাদের পোষা কুকুর নাইকে উপস্থিত ছিল, যা তাদের নামের সংমিশ্রণ (নাইকে= কীর্তি + অ্যান্টনি)। প্রকাশিত ছবিগুলোতে কীর্তিকে বিয়ের আনুষ্ঠানিকতায় আবেগপ্রবণ দেখা যায়। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার উপস্থিতির ছবি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। কাজের দিক থেকে কীর্তি সুরেশ খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন। বরুণ ধাওয়ানের সঙ্গে তার আসন্ন ছবি ‘বেবি জন’ ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত