গ্যাবায় বৃষ্টির রাজত্ব, ৮০ বলেই শেষ দিনের খেলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম

পার্থে ভারতের ও অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার একচেটিয়া জয়ের পর ব্রিসবেন টেস্টের দিকে স্বভাবতই সবার সজাগ দৃষ্টি থাকার কথা। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ফাইনালের দুটি আসনের একটি নিশ্চিত করতে পাঁচ টেস্টের এই সিরিজ দুদলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে অবশ্য মাঠের ক্রিকেট ছাপিয়ে শাসন করেছে বৃষ্টি। সারাদিনে মাত্র ১৩.২ ওভারের খেলা মাঠে গড়ানোর পরই স্টাম্পড ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

টস জিতে অজিদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে অবশ্য কোনো উইকেট শিকার করতে পারেননি রোহিত শর্মার বোলাররা। ২৮ রান তুলে নির্বিঘ্নে রয়েছেন দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুইনি।

মেঘলা আকাশ ও সবুজ উইকেট দেখে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই নিশ্চিত ছিল যেকোনো অধিনায়কের পক্ষে। সে পথেই হাঁটেন রোহিত শর্মা। ব্রিসবেনের সাম্প্রতিক পরিসংখ্যানও রোহিতের পক্ষে কথা বলে। এই মাঠে সবশেষ ৭ ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে আগে বোলিং করা দল। ২০২১ সালের জয়টিও প্রেরণা দিয়েছে ভারতকে। 

ষষ্ঠ ওভারের খেলা চলাকালীন সময়ে প্রথমবার মেঘ ফুড়ে বৃষ্টি নামে ব্রিসবেনে। তাতে প্রায় আধা ঘন্টা থেমে থাকে খেলা। শুরুতে না হলেও লেন্থ ও সুইংয়ে অজি ওপেনারদের কিছুটা চাপে ফেলেন ভারতীয় পেসাররা। হারশিত রানার জায়গায় একাদশে সুযোগ পাওয়া আকাশ দীপ বিশেষ করে নজর কাড়েন। ডানহাতি ম্যাকসুইনিকে বারবার পরাস্ত করতে সক্ষম হন তিনি।

এ দফায় খেলা হয় ৭.৫ ওভার। তাতে অজিরা রান তুলতে পারেন মাত্র ৯টি। সেই উত্তেজনার আগুনে পানি ঢালতে আবার হানা দেয় বৃষ্টি। এবার আগের চেয়ে প্রবলবেগে। জোরালো বৃষ্টিতে গ্যাবার প্রথম দিনের সমাপ্তি ডাকতে বাধ্য হন আম্পায়াররা।

উসমান ৪৭ বল খেলে ১৯ রানে এবং নাথান ৩৩ বলে ৪ রান তুলে অপরাজিত আছেন। সুসংবাদ রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমী দর্শকদের। অন্তত ১৫ ওভার খেলা না হওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড টিকেটের পুরো টাকাই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত