পুষ্পা ২’র প্রশংসা দিলজিতের কণ্ঠে 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পিএম

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তার ‘দিল-লুমানাতি’ কনসার্টের অংশ হিসেবে শনিবার (১৪ ডিসেম্বর) চণ্ডীগড়ে পারফর্ম করেন। এই সফরে তিনি পুনে, বেঙ্গালুরু, জয়পুর এবং হায়দ্রাবাদে সফল অনুষ্ঠান করেছেন।

চণ্ডীগড়ের মঞ্চে পারফরম্যান্স চলাকালীন দিলজিৎ ভারতের দাবা প্রতিভা ডি. গুকেশকে সম্মান জানিয়ে বলেন, গুকেশ বিশ্বের সবচেয়ে কম বয়সে দাবা চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন। এরপর দিলজিৎ আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমার প্রসঙ্গ টেনে আনেন।

দিলজিৎ দর্শকদের জিজ্ঞাসা করেন, ‘তোমরা কি পুষ্পা দেখেছ?’ তারপর বলেন, তিনি প্রথম অংশ ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছেন, কিন্তু ‘পুষ্পা ২: দ্য রুল’ এখনও দেখা হয়নি।

প্রথম সিনেমাটির প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি সত্যিই অসাধারণ ছিল।’ এরপর দিলজিৎ আল্লু অর্জুনের জনপ্রিয় সংলাপ ‘ঝুঁকেগা নেহি সালা’ বলায় দর্শকরা করতালিতে ফেটে পড়েন।

এসময় দিলজিৎ মজা করে আরও বলেন, ‘সালা যদি না ঝুঁকে, তবে জিজা (নিজের দিকে ইঙ্গিত করে) ঝুঁকবে।’ তার এই মন্তব্যে দর্শকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। এই আনন্দঘন মুহূর্তের মূলে রয়েছে সাম্প্রতিক বিতর্কিত ঘটনা।

‘পুষ্পা ২: দ্য রুল-এর প্রিমিয়ারের সময় ভিড়ের চাপে এক নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাকে চঞ্চলগুড়া জেলে রাত কাটাতে হয়। তবে শনিবার সকালে ৫০ হাজার রুপি মুচলেকার বিনিময়ে জামিনে মুক্ত হন তিনি। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রদর্শনী চলাকালে এমন ঘটনা ঘটে। এরপর থেকেই আল্লু অর্জুন এবং সিনেমাটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে তার প্রশংসা সিনেমার জনপ্রিয়তাকে নতুন করে আলোচনায় এনেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত