কন্যাসন্তানের জন্মের পর জীবন কেমন জানালেন বরুণ 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালাল এর ঘরে আলো করে চলতি বছরের জুন মাসে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান লারা। বাবা হওয়ার পর থেকে বরুণের জীবন ও চিন্তাভাবনায় কীভাবে পরিবর্তন এসেছে, তা তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন।

‘বেবি জন’ সিনেমার প্রচারের সময় জুম-এর সঙ্গে কথোপকথনে বরুণ ধাওয়ান বলেন, ‘একজন পুরুষ যখন কন্যাসন্তানের বাবা হয়, তখন তার চিন্তাভাবনার সম্পূর্ণ পরিবর্তন ঘটে। আপনার মায়ের শেখানো শৈশবের সমস্ত কথা আবার মনের মধ্যে ফিরে আসে।’

তিনি আরও বলেন, ‘যেই মুহূর্তে নাতাশা আমাদের কন্যার জন্ম দিল, আমার মনে প্রথম যে চিন্তা এসেছিল তা হলো— কেও কীভাবে তার বাবার প্রতি কঠোর হতে পারে? কীভাবে কেউ তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? যিনি তাকে নয় মাস ধরে নিজের গর্ভে ধারণ করেছেন— বিশেষ করে নাতাশার আমার সন্তানের জন্য করা ত্যাগ দেখে।’

‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ খ্যাত বরুণ জানান, বাবা হওয়ার এই অভিজ্ঞতা তার জীবনে এক ‘অদ্ভুত এবং সুন্দর’ পরিবর্তন এনেছে। কন্যাসন্তান জন্মের পর তিনি বুঝতে পেরেছেন, পুরুষ হিসেবে তার দায়িত্ব এবং মানসিকতা কী হওয়া উচিত। তিনি বলেন, তার সিনেমার একটি সংলাপ ‘আয়, এবার আমার মেয়েকে ছুঁয়ে দেখ তো,’ তার নিজের হৃদয় থেকে উঠে এসেছে।

বরুণ ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘বেবি জন’ মুক্তি পাবে  চলতি বছরের ২৫ ডিসেম্বর। এই সিনেমায় বরুণের পাশাপাশি অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, সানিয়া মালহোত্রা এবং রাজপাল যাদব। ছবিটি পরিচালনা করেছেন কালীস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত