জাসপ্রিত বুমরা। ভারতীয় ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম। নিজের ধারাবাহিকতা এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বুমরা ইতিমধ্যেই ক্রিকেটবিশ্বে নিজেকে আলাদা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। তবে সাম্প্রতিক এক ঘটনায় বুমরাকে নিয়ে করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ইশা গুহ ভারতীয় পেসারকে প্রশংসা করতে গিয়ে এমন এক তুলনা টেনেছেন যা অনেকের কাছেই অগ্রহণযোগ্য। রবিবার বুমরার দুরন্ত বোলিং পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় ইশা তাকে ‘মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট’ বলে উল্লেখ করেন।
ইশার মন্তব্যে যে ‘প্রাইমেট’ শব্দটি এসেছে, সেটি একটি বিশেষ শ্রেণির স্তন্যপায়ী প্রাণীর পরিচায়ক। প্রাইমেটদের মধ্যে রয়েছে বানর, এপ (যেমন গরিলা, শিম্পাঞ্জি), লেমুর, এবং অবশ্যই মানুষ। এদের প্রধান বৈশিষ্ট্য হলো উন্নত মস্তিষ্ক, সামাজিক আচরণ, এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। প্রাইমেটরা দলবদ্ধভাবে বাস করে এবং জটিল সামাজিক সম্পর্ক গড়ে তোলে।
যদিও প্রাইমেট শব্দটির মূলত ইতিবাচক অর্থ রয়েছে, তবুও ইশা গুহের মন্তব্যে এই শব্দটি যে বিদ্রূপাত্মক অর্থে ব্যবহার করেছেন দাবি করছেন কেউ কেউ। তিনি আসলে বুমরাকে বানরের সঙ্গে তুলনা করেছেন বলে অনেকে মনে করছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা নিজেকে প্রমাণ করে চলেছেন। গ্যাবার উইকেটে প্রথম দিনে বলের সিম ঠিকঠাক না হওয়া সত্ত্বেও দ্বিতীয় দিনে ফিরে এসে তিনি তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এটি তার কেরিয়ারের ১২তম ফাইভ উইকেট হোল। সিরিজে এখন পর্যন্ত পাঁচ ইনিংসে বুমরা শিকার করেছেন ১৭টি উইকেট।
সাবেক অজি পেসার ব্রেট লি বুমরার বোলিং দেখে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘পাঁচ ওভারে ৪ রান দিয়ে ২ উইকেট—এটাই বুমরার মতো একজন সাবেক অধিনায়কের কাছ থেকে আশা করা যায়।’ অথচ ইশা গুহ প্রশংসার পরিবর্তে এমন মন্তব্য করেছেন, যা মাঙ্কিগেট কাণ্ডের স্মৃতি মনে করিয়ে দেয়।
২০০৮ সালে ভারতের হরভজন সিংয়ের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন যে তাকে ‘মাঙ্কি’ বলে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। সেই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণবৈষম্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার ইশার ‘প্রাইমেট’ মন্তব্যকে অনেকেই সেই প্রসঙ্গের সঙ্গে তুলনা করছেন।
ভারতীয় বংশোদ্ভূত এই ইংরেজ ক্রিকেটার ইশা গুহের শিকড় কলকাতায়। তার বাবা আদতে কলকাতার মানুষ ছিলেন। তবে এই মন্তব্যের মাধ্যমে তিনি যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন, তা অস্বীকার করার জায়গা নেই।
ইশার এই মন্তব্যের পরও নিজের কাজ ঠিকভাবেই করে যাচ্ছেন জাসপ্রিত বুমরা। তার অসাধারণ দক্ষতা এবং ক্রিকেট মাঠে সেরাটা দেওয়ার মানসিকতাই তাকে সমসাময়িক যুগের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। বিতর্কে কান না দিয়ে বুমরা যেন নিজের পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিচ্ছেন।
আজ ম্যানচেস্টার ডার্বিতে এগিয়ে থাকবে সিটি!
সালমানের শেষ ওভারে ২৭ রানে ম্লান তামিম ইকবাল
নিজ থেকে দায়িত্ব ছাড়বেন না গার্দিওলা
হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ