যেখানে ব্যর্থ কোহলি সেখানে সেঞ্চুরির হাসি উইলিয়ামসনের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সময়ের ‘ফ্যাব ফোর’ খ্যাত সেরা চার ব্যাটসম্যান টেস্ট খেলছেন একই সময়ে। ব্রিসবেন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত আর হ্যামিল্টনে ইংল্যান্ডকে আতিথ্য দিচ্ছে নিউজিল্যান্ড। তাসমান সাগরের দুই পাড়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যেখানে বিরাট কোহলি হয়েছেন ব্যর্থ সেখানে কেন উইলিয়ামসন তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে হ্যামিল্টন টেস্টে রাজত্ব করছে নিউজিল্যান্ড।

তাসমান সাগরের এক পাড়ে আগের দিন সেঞ্চুরির দেখা পেয়েছিলেন স্টিভেন স্মিথ। ৫৩৬ দিন পর ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির দেখা পান স্মিথ। সঙ্গে ট্রাভিস হেডের ৯ম সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে বৃষ্টি বিঘ্নিত গ্যাবায় খেই হারায় ভারত। ৬ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল ও শুবমান গিল ফিরে গেলে ক্রিজে আসেন বিরাট কোহলি। কিন্তু দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে নিদারুণ ব্যর্থ হন তিনি। ১৬ বলের ইনিংসে মাত্র ৩ রান করেই ফেরেন সাজঘরে। ধুঁকছে তার দলও, দিনশেষে ৪৮ রানে ৪ উইকেট নেই তাদের।

অন্যদিকে হ্যামিল্টনে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন ৫০ রানে অপরাজিত থেকে ফিরেছিলেন উইলিয়ামসন। আজ তৃতীয় দিন সেই ফিফটিকে নিয়ে যান তিন অঙ্কের ঘরে। ব্যক্তিগত ১৩৭তম বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হ্যামিল্টনে এটি তার ৭ম সেঞ্চুরি, ক্যারিয়ারের ৩৩তম। ২০৪ বলে ১৫৬ রান তুলে তার পর থামেন উইলিয়ামসন। তাতে ইংল্যান্ডকে অসম্ভব ৬৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কিউইরা। দিনের শেষ ভাগে ৬ ওভার ব্যাটিংয়ে নেমে ১৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ইংলিশরা।

‘ফ্যাব ফোরে’র আরেকজন জো রুট ইংল্যান্ডের প্রথম ইনিংসে করেন ৩২ রান। এ চারজনের মধ্যে সেঞ্চুরি সংখ্যায় অবশ্য এগিয়ে আছেন তিনিই। ৩৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে তার। একদিনের ব্যবধানে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ ও উইলিয়ামসন। ৩০টি সেঞ্চুরি নিয়ে কোহলি আছেন চারজনের মধ্যে সবার শেষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত