রাহাত ফাতেহ আলীর কনসার্টে টিকিটের ছাড় পাচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে পরিবেশনা করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

এ কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছেন আয়োজকরা। এ আয়োজন থেকে হওয়া আয় সব শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যালমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এ প্রদান করা হবে। আর ২০২৪ এর জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার জন্য তাদের প্রতি সম্মান জানিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহর থেকে কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছেন আয়োজকরা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে কনসার্টটির। প্রথমত, ‘ভিআইপি’, এই ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ হাজার টাকা। ভিআইপি ক্যাটাগরির দর্শকরা মঞ্চের সামনে থেকে উপভোগ করতে পারবেন অনুষ্ঠান। এ ক্যাটাগরিতে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষে শিক্ষার্থীরা ১৬ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকা টিকিট ক্রয় করতে পারবেন।

দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ ক্যাটাগরি টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এ ক্যাটাগরির দর্শকরা সামনের সারি থেকে উপভোগ করতে পারবেন কনসার্টটি। এখানে গণঅভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ উপলক্ষে ২৪ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ৩ হাজার ৪২০ টাকা টিকিট সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া তৃতীয়ত, ‘জেনারেল’ ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে দর্শকরা পেছনের সারি থেকে উপভোগ করতে পারবেন কনসার্টটি। এখানে ‘৩৬ জুলাই’ স্মরণে ৩৬ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ১ হাজার ৬০০ টাকা টিকিট ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টিকিট ক্রয় করার সময় নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের দেয়া ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তবে যেসব শিক্ষার্থীদের এই ই-মেইল নেই, তারা অন্যদের সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন টিকিট।

রাজধানীর পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোয় ১৬ ডিসেম্বর থেকেই বুথ বসানো থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটি বুথ থাকবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে কিংবা অনলাইনের মাধ্যমে নিজে নিজেই টিকিট ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত