রাহাত ফতেহ আলী খানের সঙ্গে রুবাইয়াত জাহান

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৩:১৬ পিএম

উপমহাদেশের সংগীতের প্রবাদ পুরুষ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে এবার বাংলা গান গাইলেন বাংলাদেশি কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। তাদেরকে নিয়ে  ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের একটি রোমিান্টক গান প্রকাশ করছে  ধ্রুব মিউজিক স্টেশন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও আন্তর্জাতিক বলয়ে দাপিয়ে বেড়ানো সংগীত পরিচালক রাজা কাশেফের সুর ও সংগীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। 

বাংলা গানের প্রতি রাহাত ফতেহ আলী খানের অন্য রকম এক ভালোবাসা আছে, তিনি খুব আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন বলে জানালেন সহশিল্পী রুবাইয়াত জাহান। পাশাপাশি উপমহাদেশের এই কিংবদন্তির সঙ্গে দ্বৈত গান করে উচ্ছ্বাসের সঙ্গে  তিনি বলেন, ‘আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি , ভালোবাসার এই গান সরবে পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূরে-বহুদূরে।’ 

 ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটির ভিডিও। এছাড়াও গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত