মালয়েশিয়ার কুয়ালালামপুরে গতকাল অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
গতকাল ১৬ ডিসেম্বর বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।
রান তাড়ায় শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত অলআউট না হলেও রান আটকে থামে একশোর নিচেই।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান একশোর ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আজ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের দুটি করে শীর্ষ দল সুপার ফোরে উঠবে।
