ম্যানচেস্টার ডার্বিতে আবারও ফিরে এলো ‘ফার্গি টাইম’। ইতিহাদে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়ে ছিল ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন ব্রুনো ফার্নান্দেজ। দুই মিনিট পর আমাদ দিয়ালো গোল করেন। তাতে নিজের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম।
এবার আসা যাক ‘ফার্গি টাইম’ বিষয়টিতে। ডার্বি ম্যাচে জয় মানে এমনিতেই বিশেষ কিছু। আর সেটা যদি হয় এমন নাটকীয়ভাবে, তাহলে তো উচ্ছ্বাস আরও বেশি। স্যার অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ের সময়ে শেষ সময়ে গোল করে ম্যাচের চিত্র অনেকবার বদলে দেওয়ার ইতিহাস আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাই ম্যানইউ এমন কিছু করলে ফার্গুসনের সঙ্গে মিলিয়েই এটিকে ‘ফার্গি টাইম’ বলা হয়।
ম্যাচের পর আমোরিম বললেন, এমন কিছুর (হওয়ার) বিশ্বাস ছিল তারও। ‘‘৯০ মিনিট ধরে আমরা ম্যাচে ছিলাম এবং এটি ছিল দারুণ। আমি বিশ্বাস রেখেছি, দলও বিশ্বাস করে গেছে। এরপর ‘ফার্গি টাইম’ এলো, আমরা সবকিছু গুছিয়ে করতে পারলাম এবং জাদুকরী কিছু হয়ে গেল। আমাদের জন্য ভালো একটি দিন।’’ শেষের ওই কয়েক মিনিটের আগ পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকলেও দলের হার না মানা মানসিকতা ও বিশ্বাস খুশি করেছে ম্যানইউ কোচকে। ‘অসাধারণ জয়। আমার মনে হয়, জয়টি আমাদের প্রাপ্য। খুব কঠিন ম্যাচ ছিল, তবে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস রেখেছি, গোল করতে পেরেছি। জয়টি আমাদের জরুরি ছিল, আমাদের জন্য, সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচের মধ্যে অষ্টম হার সিটির। টানা চারবার প্রিমিয়ার লিগ জেতা দলের নামের সঙ্গে এই পরিসংখ্যান বেমানান বটে। দলের এমন পড়তি ফর্মের জন্য নিজেকে দুষলেন সিটির কোচ পেপ গার্দিওলা। ‘আমি দলের প্রধান, আমি ম্যানেজার (কোচ) এবং আমিই যথেষ্ট ভালো নই। আমাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে, এটাই এখন মূল বিষয়। আমি ভালো করতে পারছি না, এটাই সত্যি। যা হওয়ার হয়েছে। আমি কি বলতে পারি? আমরা এই খেলোয়াড় বা ওই খেলোয়াড়কে দোষ দিতে পারি না, বিষয়টা এমন নয়। এটা কঠিন মৌসুম।’ দলের পারফরম্যান্স ক্রমেই খারাপ হচ্ছে। সেটি মেনে নিয়ে গার্দিওলা বলেন, ‘নিজেদের সেরা অবস্থায় নেই আমরা এবং কিছুটা ধুঁকছিও। ১১ ম্যাচের মধ্যে অষ্টম হার এটি, যা স্বাভাবিক নয়, কিছু একটা ঠিক নেই। আমাদের পারফরম্যান্স ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সমাধান আমাকেই খুঁজতে হবে। এখন পর্যন্ত তা খুঁজে পাইনি।’ এই জয়ের পরও ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ম্যানইউ, ২৭ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানসিটি।
