মস্কোতে বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিহত

  • বিল্ডিংয়ের বাইরে স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় কিরিলভের
  • যে স্থানে হামলা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা ছিলো না
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে বোমা বিস্ফোরণে রুশ সেনাবাহিনীর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা বাহিনী (এনবিসি) প্রধান জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় কিরিলভের। এ সময় তার সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, যে স্থানে হামলা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা ছিলো না।

গতকাল, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে। এর আগে, অক্টোবরে, যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত