যুবকের গলায় আটকে ছিল জ্যান্ত মুরগির বাচ্চা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

গোসল করে বাড়িতে আসতেই মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে আনন্দ যাদব নামে এক যুবক। এরপর হাসপাতালে নিতেই তার মৃত্যু হয়। যুবকের এমন আকস্মিক মৃত্যুতে ময়নাতদন্ত করতে বলেন চিকিৎসকরা। ময়নাতদন্ত করতেই চক্ষু চড়কগাছ ডাক্তার ও পুলিশের। কারণ ওই যুবকের গলায় আটকে ছিল জ্যন্ত মুরগির বাচ্চা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারতের ছত্তিশগড়ে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদ মাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, ময়নাতদন্তের সময় ওই ব্যক্তির গলায় কিছু একটা আটকে রয়েছে। আরেকটু কাটতেই দেখেন ভেতরে জ্যন্ত মুরগির বাচ্চা। চিকিৎসকরা জানান, ২০ সেন্টিমিটার আয়তনের ওই মুরগির বাচ্চাটি এমনভাবে আটকে ছিল যে শ্বাসনালি ও খাদ্যনালি-উভয়ই বন্ধ হয়ে যায়। এর জন্যই নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।

ময়নাতদন্ত করা এক চিকিৎসক জানান, ‘আমি আমার দীর্ঘ ক্যারিয়ারে ১৫ হাজার পোস্ট-মর্টেম করেছি, কিন্তু এমন ঘটনা কখনও দেখিনি।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করতেন। দীর্ঘদিন ধরেই বাবা হওয়ার চেষ্টা করছিলেন। সম্ভবত কোনো তান্ত্রিক তাকে বলেছিল যে জ্যান্ত মুরগির বাচ্চা খেলে সন্তান হবে। সেই কারণেই এই কাণ্ড ঘটায়। পুলিশ এই ঘটনারও তদন্ত শুরু করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত