ভিনি জুনিয়র ফিফা দ্য বেস্ট, মেসি ষষ্ঠ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ এএম

এবার ব্যালন ডি' অর পাননি ভিনিসিয়ুস জুনিয়র, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে ভিনি শেষ পর্যন্ত অসাধারণ এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেয়েছেন ফিফা দ্য বেস্ট জিতে।

এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি, রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি, কিলিয়ান এমমবাপ্পেসহ আরও অনেককে পেছনে ফেলে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখায় পুরস্কারটি জিতেছেন ভিনিসিয়ুস।

গত মৌসুমে রিয়ালের হয়ে ভিনি ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল।

এবার ফিফা দ্য বেস্টে ভিনি পেয়েছেন ৪৮ পয়েন্ট। স্পেনের রদ্রি ৪৩ পয়েন্ট পেয়ে হয়েছেন দ্বিতীয়। রিয়ালে ভিনিসিয়ুসের সতীর্থ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম পেয়েছেন ৩৭ পয়েন্ট (তৃতীয়)। ২৫ পয়েন্ট পেয়ে গতবারের বিজয়ী মেসি হয়েছেন ষষ্ঠ।

১৯৯১ সালে এই পুরষ্কার চালু হওয়ার পর নানা ফরম্যাটে রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিও (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনি। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

কে কোন পুরস্কার জিতলেন

বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র

বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি

বর্ষসেরা নারী কোচ: এমা হেইস

বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার

পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো

মার্তা অ্যাওয়ার্ড: মার্তা

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত