ব্রিসবেন টেস্ট ভেসে গেছে বৃষ্টিতে। আজ বুধবার শেষ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরুর পরই নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়। দুই দল ফিরে যায় ড্রেসিংরুমে। তখন দেখা যায়, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন ড্রেসিংরুমে পাশাপাশি বসে আছেন। কোহলিকে কিছু একটা বলছেন অশ্বিন। তার চোখ দিয়ে জল ঝরছে। কোহলির মুখেও যেন নেমে এসেছে অন্ধকার!
তখনও কেউ জানত না, রবিচন্দ্রন অশ্বিন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের এই অভিজ্ঞ স্পিন অল-রাউন্ডার। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরই তিনি এই ঘোষণা দেন। তাই সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবে না ভারত। দীর্ঘ বছর একসঙ্গে খেলেছেন কোহলি-অশ্বিন। তাই সতীর্থের বিদায়বেলায় আবেগ সামলাতে পারেননি।
ড্রেসিংরুমে অশ্বিনকে স্বান্ত্বনা দিতে জড়িয়ে ধরেন কোহলি। তারপরও বেশ কিছুক্ষণ দুই জনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সেই সময় অশ্বিনের কাঁধে ছিল কোহলির হাত। কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। এই দৃশ্যের পরেই অশ্বিনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। পরবর্তীতে সেটাই সত্যিতে পরিণত হয়।
সাংবাদিক সম্মেলনে অশ্বিন বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সবাইকে জানাতেই এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। তবে আমার মনে হয়, এখনও কিছুটা ক্রিকেট আমার মাঝে আছে। সেটা আমি ক্লাব স্তরের ক্রিকেটে দেখাতে চাই। ক্যারিয়ারে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। অনেক মজা করেছি। তারা ব্যাটারের চারপাশে দাঁড়িয়ে আমার (উইকেট নেওয়ার) কাজটা সহজ করে দিয়েছে।’
ভারতের হয়ে ১০৫ টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে করেছেন ৩ হাজার ৪৭৪ রান। লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে ৬টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৪টি হাফ সেঞ্চুরি। গত নিউজিল্যান্ড সিরিজ থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়া সফরে শুধু অ্যাডিলেড টেস্টে সুযোগ পেয়ে একটি উইকেট নিয়েছিলেন। এসব কারণেই হয়তো অবসর নিলেন টেস্টে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী ভারতীয় বোলার অশ্বিন।
আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন
সৌম্যর আঙুলে দিতে হয়েছে পাঁচটি সেলাই
কিউইদের সাদা বলের স্থায়ী অধিনায়ক হলেন স্যান্টনার
লিটনের হাতে ট্রফি তুলে দিলেন বাংলাদেশের বোলাররা