ভারতে লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ, নিহত ১৩

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পিএম

ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ১০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, আর ১০ জন সাধারণ নাগরিক। তবে ঠিক কতজন নিখোঁজ আছেন, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। 

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ জানান, বিকেল ৩টা ৫৫ মিনিটে ‘নীলকমল’ নামের একটি লঞ্চে ধাক্কা মারে নৌবাহিনীর একটি নৌকা। দুর্ঘটনার পর ১০১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব করা হয়েছে। দুজন গুরুতর জখম হয়েছেন। তাদের নৌবাহিনীর হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ ১১টি নৌকা এবং চারটি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া যাত্রীদের যত দ্রুত সম্ভব উদ্ধার করেছেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও জানান, আরও কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তা বোঝা যেতে পারে। স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ফাডনবিশ জানান, পুলিশ এবং নৌবাহিনী উভয়েই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে।

মুম্বাই শহরের অদূরে আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে যাচ্ছিল লঞ্চটি। এই দ্বীপে পাহাড় কেটে তৈরি করা হয়েছে একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত